
অর্থনীতি ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমায় সোনার দর কিছুটা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ বছর সুদের হার বাড়াবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে ফেডের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
সোমবার (১৯ অক্টোবর) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭৫ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সোনার দামও ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯৬ ডলার ৪০ সেন্ট হয়েছে।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতে সোনার দাম সামান্য বেড়েছে। তেলের দাম কমার ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমতে পারে—এমন প্রত্যাশা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, তেলের দাম যদি ধারাবাহিকভাবে কমতে থাকে অথবা সরকারি বন্ডের মুনাফার হার আরও কমে, তাহলে সোনার দাম বাড়ার পক্ষে তা সহায়ক হবে। কারণ, এতে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ কমতে পারে।
সোমবার তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা ও শুল্ক শিথিল করায় দেশটি থেকে জ্বালানি রপ্তানি বাড়তে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে মূল্যস্ফীতির চাপ এখনো পুরোপুরি কমেনি। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের দাম প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। জ্বালানিসহ বিভিন্ন পণ্যের ব্যয় বৃদ্ধি এর অন্যতম কারণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এ পরিস্থিতি মূল্যস্ফীতির উদ্বেগ আরও বাড়িয়েছে।
এখন বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত বৈঠক এবং যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণে ফেড এই সূচককে গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৬ শতাংশ বলে মনে করছেন বাজারের লেনদেনকারীরা। ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তারা দেখছেন ৯২ শতাংশ।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সোনা থেকে নিয়মিত সুদ বা মুনাফা পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমতে পারে।
এদিকে, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর অন্তত আরও একবার সুদের হার ০.২৫ শতাংশীয় পয়েন্ট বাড়াতে পারে বলে শুক্রবার জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও সোমবার দর বেড়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ০.৯ শতাংশ বেড়ে ৫৭ ডলার ৫৪ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪২ ডলার ২৯ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৫ শতাংশ বেড়ে ১ হাজার ১২৯ ডলার ১৩ সেন্টে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
টাঙ্গাইল ভযেস ২৪ ডেস্ক: 





















