
লাইফস্টাইল ডেস্কঃ বারান্দার শখের গাছটির পাতায় হঠাৎ সাদা গুঁড়ার মতো আস্তরণ দেখা যাচ্ছে? অনেকেই প্রথমে একে ধুলাবালি ভেবে উপেক্ষা করেন। কিন্তু এই সাদা আস্তরণ হতে পারে ছত্রাকের সংক্রমণের লক্ষণ। আবার টবের মাটিতে সাদা ছত্রাক দেখা দেওয়ার কারণও হতে পারে অতিরিক্ত আর্দ্রতা। তাই গাছের পাতা কিংবা মাটিতে সাদা দাগ দেখলেই কোনো স্প্রে ব্যবহার না করে আগে সমস্যার কারণ শনাক্ত করা জরুরি। সঠিক পরিচর্যা ও কয়েকটি অভ্যাসে পরিবর্তন এনে গাছকে সুস্থ রাখতে পারেন।
গাছে ছত্রাকের সংক্রমণ বুঝবেন যেভাবে
গাছের পাতা ও কাণ্ডে ময়দার মতো সাদা আস্তরণ দেখা গেলে তা ‘পাউডারি মিলডিউ’ নামের ছত্রাকজনিত রোগের লক্ষণ হতে পারে। এ ধরনের সংক্রমণে পাতার ওপর সাদা গুঁড়ার মতো দাগ ছড়িয়ে পড়তে পারে। তবে সব সাদা দাগই ছত্রাকের কারণে হয় না। ধুলাবালি বা অন্য কোনো কারণে এমন আস্তরণ তৈরি হতে পারে।
অন্যদিকে, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, নেতিয়ে পড়া কিংবা শিকড় পচে যাওয়ার লক্ষণ দেখা দিলে মাটির আর্দ্রতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা পরীক্ষা করা প্রয়োজন। অনেক সময় গাছ নেতিয়ে পড়লে আমরা মনে করি, পানির অভাব হয়েছে। কিন্তু মাটিতে অতিরিক্ত পানি জমে থাকলেও শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। এ অবস্থায় আরও পানি দিলে সমস্যা বাড়তে পারে।
দুধ ও পানির মিশ্রণে দূর হতে পারে ছত্রাক?
পাউডারি মিলডিউ নিয়ন্ত্রণে কিছু ক্ষেত্রে দুধ ও পানির মিশ্রণ ব্যবহার করা হয়। এজন্য এক কাপ দুধের সঙ্গে চার কাপ পানি মিশিয়ে আক্রান্ত পাতায় স্প্রে করার পরামর্শ দেওয়া হয়। তবে এই পদ্ধতি সব গাছ বা সব ধরনের ছত্রাকের ক্ষেত্রে সমান কার্যকর নয়। তাই ব্যবহার করার আগে গাছের ধরন ও রোগের লক্ষণ বিবেচনা করুন। প্রথমে গাছের অল্প কয়েকটি পাতায় প্রয়োগ করে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাও ভালো।
গাছে ভিনিগার ব্যবহার করবেন না
অনলাইনে ঘরোয়া প্রতিকারের নানা পরামর্শ দেখা যায়। তবে যাচাই না করে টবের মাটিতে ভিনিগার ঢেলে দেওয়া ঠিক নয়। ভিনিগারের অম্লীয় উপাদান গাছের পাতা ও শিকড়ের ক্ষতি করতে পারে। নিম তেল কিছু ক্ষেত্রে গাছের রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কিন্তু সব ধরনের ছত্রাকের জন্য এটি কার্যকর সমাধান নয়। রোগের ধরন বুঝে ব্যবস্থা নেওয়াই ভালো।
আক্রান্ত পাতা কেটে ফেলুন
গাছের কয়েকটি পাতা বা কাণ্ডে সংক্রমণ দেখা দিলে আক্রান্ত অংশগুলো পরিষ্কার কাঁচি দিয়ে কেটে সরিয়ে ফেলুন। এতে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমতে পারে। তবে কাটার আগে ও পরে কাঁচি পরিষ্কার করুন। কোনো গাছে সংক্রমণ বেশি হলে সেটিকে অন্য গাছ থেকে আলাদা রাখুন।
এছাড়া টবগুলো খুব কাছাকাছি রাখবেন না। গাছের পাতা ও ডালের মধ্যে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকলে বাতাস চলাচল সহজ হয়। ঘন গাছপালা ও বাতাস চলাচলের অভাব কিছু ছত্রাকজনিত রোগের বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।
টবের মাটিতে সাদা ছত্রাক দেখা দিলে
মাটির ওপর সাদা ছত্রাকের মতো আস্তরণ দেখা দিলেই গাছটি নষ্ট হয়ে গেছে, এমন নয়। মাটিতে দীর্ঘ সময় আর্দ্রতা জমে থাকলে এমনটি হতে পারে। প্রথমে মাটির ওপরের অংশ পরীক্ষা করুন এবং প্রয়োজন অনুযায়ী পানি দেওয়ার অভ্যাস পরিবর্তন করুন। টবের নিচে পানি বের হওয়ার ছিদ্র আছে কি না, তা-ও দেখে নিন।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে পানি না দিয়ে মাটির আর্দ্রতা বুঝে পানি দিন। টবে পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। মাটিতে সাদা আস্তরণ বারবার দেখা দিলে বা গাছের শিকড় পচে যাওয়ার লক্ষণ থাকলে মাটির অবস্থা ও শিকড় পরীক্ষা করা প্রয়োজন।
টাঙ্গাইল ভযেস ২৪ ডেস্ক: 





















