
শিক্ষাঙ্গন ডেস্কঃ আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সেবা অনলাইনে আনার পরিকল্পনা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক কর্মশালায় এ পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয়ে উচ্চগতির ওয়াই-ফাই, ডিজিটাল শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হবে। এছাড়া ভর্তি, ফি জমা, হলের আসনসংক্রান্ত তথ্য ও সনদ সংগ্রহের সেবা অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হবে।
ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
পাশাপাশি দক্ষ শিক্ষকের ঘাটতি কমানো এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম সহজ করতে সমন্বিত সফটওয়্যার ব্যবহারের ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।
কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন।
টাঙ্গাইল ভযেস ২৪ ডেস্ক: 


















