
বিনোদন ডেস্কঃ লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে অভিনয়ের নতুন যাত্রা শুরু করেছেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। এবার তাদের দেখা যাবে তারকা নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে।
চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্ম শিগগির মুক্তি পাচ্ছে। এটি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
শিহাব শাহীন রচিত ও পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। লাক্সের আয়োজনে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ, জিলানীসহ আরও অনেকে।
তাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। চার জুটির চার রকমের গল্পে ভালোবাসার নানা রং তুলে ধরা হয়েছে ‘ক্যাফে আমব্রেলা’তে। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি সম্পর্কের জটিলতা, মান-অভিমান, ভুল বোঝাবুঝি ও আবেগের নানা দিক উঠে আসবে এতে। ভিন্ন ভিন্ন সম্পর্কের গল্পের মধ্য দিয়ে দর্শকের সামনে ভালোবাসার বিচিত্র অভিজ্ঞতা তুলে ধরাই এ আয়োজনের মূল আকর্ষণ।
এর আগে লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে ‘ক্যাফে আমব্রেলা’র ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয়ের সুযোগ পান তিন লাক্স তারকা। ক্যারিয়ারের শুরুতেই শিহাব শাহীন ও তৌসিফ মাহবুবের মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন নতুন এই অভিনয়শিল্পীরা। নতুন শিল্পীদের প্রস্তুত করতে শুটিংয়ের আগে প্রায় ১৫ দিনের একটি বিশেষ অভিনয় কর্মশালার আয়োজন করেন নির্মাতা।
তার ভাষ্য, প্রতিযোগিতার মাধ্যমে তারা ভালো গ্রুমিং পেলেও অভিনয়ের আলাদা প্রশিক্ষণের প্রয়োজন ছিল। সেই জায়গাতেই কাজ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও লাক্স সুপারস্টার বিজয়ীদের নিয়ে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’। সেই ধারাবাহিকতায় এল ‘ক্যাফে আমব্রেলা’।
টাঙ্গাইল ভযেস ২৪ ডেস্ক: 



















