তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে নিয়মিত ছবি, ভিডিও, পিডিএফসহ নানা ধরনের ফাইল আদান-প্রদান করেন অনেকে। সময়ের সঙ্গে এসব ফাইল জমতে জমতে ফোনের স্টোরেজের বড় অংশ দখল করে নিতে পারে। ফলে নতুন ছবি তোলা, অ্যাপ ডাউনলোড করা কিংবা প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করতে সমস্যা হয়। তবে হোয়াটসঅ্যাপের ‘ম্যানেজ স্টোরেজ’ ফিচার ব্যবহার করে সহজেই বেশি জায়গা দখল করা ফাইল শনাক্ত করা যায়। অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেললে ফোনের স্টোরেজও কিছুটা খালি করা সম্ভব।
একটি একটি করে ফাইল মুছে ফেলার বদলে একাধিক অপ্রয়োজনীয় ফাইল একসঙ্গে নির্বাচন করতে পারেন। এজন্য ‘ম্যানেজ স্টোরেজ’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট ফাইলের তালিকা খুলুন। এরপর যেসব ফাইল সরাতে চান, সেগুলো নির্বাচন করে ডিলিট বা ট্র্যাশ আইকনে ট্যাপ করুন।
হোয়াটসঅ্যাপ থেকে ফাইল মুছে ফেলার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
প্রয়োজনীয় ছবি, ভিডিও বা নথি অন্য কোনো নিরাপদ ফোল্ডার, কম্পিউটার কিংবা ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করে নিন।
হোয়াটসঅ্যাপ থেকে কোনো মিডিয়া ফাইল মুছে ফেললে সেটি আবার ডাউনলোড করা যাবে, এমন নিশ্চয়তা নেই। তাই ডিলিট করার আগে ফাইলটি প্রয়োজন হবে কি না, ভেবে নিন।
নিজের ফোন থেকে কোনো মিডিয়া ফাইল মুছে ফেললে সাধারণত অন্য সদস্যদের ফোনে থাকা কপি মুছে যায় না। অর্থাৎ আপনার স্টোরেজ খালি হলেও তাদের কাছে ফাইলটি থেকে যেতে পারে।
হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলার পরও একই ছবি বা ভিডিও ফোনের গ্যালারি কিংবা অন্য ফোল্ডারে থাকতে পারে। তাই বেশি জায়গা খালি করতে চাইলে সেগুলোও যাচাই করুন।
নিয়মিত হোয়াটসঅ্যাপের ‘ম্যানেজ স্টোরেজ’ বিভাগ পরীক্ষা করলে অপ্রয়োজনীয় বড় ফাইল সহজেই শনাক্ত করা যায়। এতে ফোনের স্টোরেজ ব্যবস্থাপনা সহজ হবে এবং প্রয়োজনীয় ফাইল রাখার জন্য বাড়তি জায়গাও পাওয়া যেতে পারে।