অর্থনীতি ডেস্কঃ ৮ শতাংশের নিচে নেমে আসা ট্রেজারি বিলের সুদহার হঠাৎ আবার বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রায় ১ শতাংশীয় পয়েন্ট বেড়ে গতকাল রোববারের নিলামে সর্বোচ্চ ৮ দশমিক ৭৪ শতাংশ সুদ উঠেছে। নিলামে সব মিলিয়ে সরকার ১০ হাজার কোটি টাকা নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৯১ দিন মেয়াদি বিলে সরকার গড়ে ৮ দশমিক ২৮ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকা নিয়েছে। গত সপ্তাহে এ ক্ষেত্রে সুদহার ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ। একইভাবে ১৮২ দিন মেয়াদি বিলে সরকার তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে গড়ে ৮ দশমিক ৫২ শতাংশ সুদে। গত সপ্তাহে এ ক্ষেত্রে সুদহার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ। ৩৬৪ দিন মেয়াদি বিলের সুদহার ৭ দশমিক ৮৮ শতাংশ থেকে বেড়ে গতকাল ৮ দশমিক ৬০ শতাংশে উঠেছে।
ব্যাংকাররা জানান, সামগ্রিকভাবে ব্যাংকগুলোর হাতে উদ্বৃত্ত তারল্য থাকায় ট্রেজারি বিলের সুদহার ৮ শতাংশের নিচে নেমেছিল। তবে ট্রেজারি বিলের বড় ক্রেতা সোনালী ব্যাংক গত সপ্তাহে ন্যাশনাল ব্যাংককে সাত হাজার কোটি টাকা ধার দেওয়ার পর তারল্যের ওপর তাৎক্ষণিক কিছুটা চাপ তৈরি হয়। এর বাইরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
অক্টোবর মাসের বেতনের সঙ্গে বকেয়াসহ পরিশোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাড়তি অর্থ সংস্থানে চলতি মাসে ৬০ হাজার ৩০০ কোটি টাকার ব্যাংক ঋণ নেবে সরকার। অবশ্য এই ঋণের বড় অংশ পুরোনো ঋণ সমন্বয়সহ বিভিন্ন কাজে লাগানো হবে।