তথ্য-প্রযুক্তি ডেস্কঃ প্রতি বছর অক্টোবরের তৃতীয় সোমবার পালিত হয় জাতীয় ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস। এ দিবসের উদ্দেশ্য হলো কম্পিউটারের ডেস্কটপের অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে সবকিছু গুছিয়ে রাখার জন্য সবাইকে উৎসাহিত করা।
মনে আছে, নতুন কম্পিউটার কেনার পর সেটির ডেস্কটপ কতটা পরিষ্কার ও গোছানো ছিল? রিসাইকেল বিনে কোনো ফাইল ছিল না। কম্পিউটারে শুধু নির্মাতাপ্রতিষ্ঠানের দেওয়া ফাইলগুলোই ছিল। ছিল না কোনো ভাইরাস কিংবা ব্যক্তিগত তথ্য। কম্পিউটারও চলত দ্রুতগতিতে। আপনি তখন নতুন কিছু তৈরি, নকশা কিংবা প্রোগ্রামিং করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন।
পরিষ্কার ও গোছানো ডেস্কটপ কাজের ঝামেলা কমায়। কারণ সব ফাইল নির্দিষ্ট জায়গায় থাকলে সহজেই খুঁজে পাওয়া যায়। পুরোনো ফাইল আর্কাইভে সরিয়ে রাখুন অথবা সেগুলোর শর্টকাট তৈরি করুন। এতে কম্পিউটার দ্রুত কাজ করতে পারে এবং প্রয়োজনীয় ফাইলও সহজে খুঁজে পাবেন। পছন্দের অ্যাপগুলো স্টার্ট মেনুতে যুক্ত বা পিন করে রাখুন।
ছবিগুলোর নাম ঠিক করে সেগুলো পেনড্রাইভে সংরক্ষণ করুন। ই-মেইল থেকেও অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলুন। অব্যবহৃত আইকন সরিয়ে দিন। স্মার্টফোনেও একই কাজ করতে পারেন। যেসব গেম আর খেলেন না, সেগুলো মুছে ফেলুন। কম্পিউটারে ভাইরাস প্রতিরোধী সফটওয়্যার হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করুন এবং সফটওয়্যারটি চালিয়ে পরীক্ষা করুন।
ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবসের মূল লক্ষ্য হলো ডিজিটাল কর্মক্ষেত্র গুছিয়ে রাখা। তাই অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন এবং বাকি ফাইলগুলো আলাদা ফোল্ডারে সাজিয়ে রাখুন।
সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার