শিক্ষাঙ্গন ডেস্কঃ উদ্ভাবনী প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’ এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের একটি দল। কৃষিখাতের বিদ্যমান সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা ও কার্যকর সমাধান উপস্থাপন করে এ সাফল্য অর্জন করেন তারা।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম (৭৮তম ব্যাচ, কৃষি অনুষদ), মো. মোহাইমিনুল ইসলাম (৭৭তম ব্যাচ, কৃষি অর্থনীতি) ও মো. রিয়াদ মিয়া (৮০তম ব্যাচ, কৃষি অর্থনীতি)।
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রাথমিক গ্রুপ পর্বের পর নির্বাচিত ১৮টি দল সেমিফাইনালে অংশ নেয়। সেখান থেকে বাছাই করা দলগুলো চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। চূড়ান্ত পর্বে নিজেদের উদ্ভাবনী ধারণা ও উপস্থাপনার মাধ্যমে শীর্ষস্থান অর্জন করে শেকৃবির দলটি।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।